চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে টীম স্প্ল্যাশ, পুনর্বাসনে কাজ করছেন
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন টীম স্প্ল্যাশ (TEAM SPLASH) গত তিন দিন ধরে দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা পুনর্বাসনে কাজ করছে। সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার দুর্গত এলাকায় সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গম জনপদে। তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের কাজ করছেন সংগঠনটি।
টীম স্প্ল্যাশের পক্ষ থেকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার প্রায় ৯০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। টানা বৃষ্টি ও বন্যায় যখন অনেক পরিবার খাদ্য ও নিরাপদ পানির সংকটে পড়েছিল, তখন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা দুর্গম এলাকায় পৌঁছে জরুরি খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন।
এছাড়া বাঁশখালী উপজেলার আরও প্রায় ১ হাজার ২০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত তিনটি অসহায় পরিবারের ঘর পুনর্নির্মাণ করে দিয়েছে টীম স্প্ল্যাশ। এতে আশ্রয়হীন পরিবারগুলো নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছে।
এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবক তানবির হায়দার, রফিকুল ইসলাম জয় ও ইবান। তাঁদের নেতৃত্বে একদল তরুণ স্বেচ্ছাসেবক দিন-রাত নিরলস পরিশ্রম করে দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন।
সংগঠনের নেতারা জানান, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই টীম স্প্ল্যাশের মূল লক্ষ্য। তাই জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি এখন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতারা আরও বলেন, বন্যার তাৎক্ষণিক সংকট কাটিয়ে উঠলেও ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তাই পুনর্বাসন কার্যক্রমে সমাজের বিত্তবান ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। তাদের মতে, সম্মিলিত উদ্যোগই পারে দুর্গত মানুষের জীবনে স্থায়ী স্বস্তি ফিরিয়ে আনতে।





