তারাগঞ্জে মহাসড়কের ধারে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়াজুম্মা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে এবং পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, আশপাশের থানা, বিভিন্ন মাধ্যমে পাওয়া নিখোঁজ ব্যক্তির তথ্য এবং অন্যান্য সূত্র যাচাই করে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।




