এক ঘুষিতেই থেমে গেল ১০ বছরের তারেকের প্রাণ চকরিয়ায় বন্ধুর ঘুষিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
আলফাজ মামুন নুরী
খেলার বয়সে প্রাণ হারাল ১০ বছরের শিশু তারেকুর রহমান। বন্ধুর সঙ্গে সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে ঘুষির আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বায়তুশরফ রোড এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
নিহত তারেকুর রহমান চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তারেকের নানার মালিকানাধীন বায়তুশরফ রোডের নুর স্টোর নামের একটি পানের দোকানে সে সহযোগিতা করত। মঙ্গলবার বিকেলে দোকানের জন্য পানি আনতে পাশের ‘বিয়াই বাড়ি’ হোটেলে যায় তারেক।
সেখানে এক বন্ধুর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তারেককে ঘুষি মারলে সে গুরুতর আহত হয়ে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
স্বজনরা তারেককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু আমিরাবাদ এলাকায় পৌঁছানোর পর সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, তারেককে যে কিশোর ঘুষি মেরেছে, সে ফুটপাতের কাশেমের পলিথিনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। তবে ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শিশুটির মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





