সারাদেশ

নওগাঁয় ভূমি কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি, ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক সেবাগ্রহীতার বিরুদ্ধে। এ সময় ওই সেবাগ্রহীতা কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার লাশ আমি বিলের পানিতে ভাসিয়ে দেবো।” একই সঙ্গে কর্মকর্তা কীভাবে অফিস থেকে বাড়ি যাতায়াত করেন, সেটিও নজরদারি করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় অবস্থিত নওগাঁ পৌরসভা ও চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে। এ ঘটনায় ভূমি অফিসগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিওও প্রতিবেদকের হাতে এসেছে।
ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত মোস্তাফিজুর রহমান নামের এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান।
ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, “কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেন? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন।”
জবাবে ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, “তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দিবো।”
এ সময় উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, “সংশোধন করে নিয়ে আসবো, কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেন? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া-আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেবো। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান, সেটি দেখে নিবো।”
সরকারি অফিসে প্রবেশ করে প্রকাশ্যে একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, “এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাবো। এরপর আমার যা হবে হবে।”
মোস্তাফিজুর রহমানের দাবি, গত ১৮ মে তিনি নিজের একটি জমির নামজারি (খারিজ) করার জন্য আবেদন করেন। প্রথমবার আবেদনটি বাতিল হওয়ার পর পুনরায় আবেদন করলেও সেটি বাতিল করা হয়। তার অভিযোগ, এভাবে তাকে বারবার হয়রানি করেছেন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। এ বিষয়ে কথা বলতে সহকারী কমিশনার (ভূমি) তাকে নিষেধ করেছেন বলেও জানান তিনি।
ওইদিন সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। পরে বুধবার (১৯ আগস্ট) দুপুরে অফিসে গিয়ে দেখা করলে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, “বিষয়টি আপোষ-মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।”
এদিকে নাম প্রকাশ না করার শর্তে নওগাঁয় কর্মরত কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, ভূমি সেবা নিয়ে কোনো অসন্তোষ থাকলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে প্রকাশ্যে অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, “ভূমি অফিসে ঢুকে ভূমি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া কোনো ছোটখাটো বিষয় নয়। এই ধরনের ঘটনা আপোষ-মীমাংসার সুযোগ নেই। আগামী এক সপ্তাহের মধ্যে এসিল্যান্ড আইনগত পদক্ষেপ না নিলে আমি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
ঘটনাটি নিয়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ভূমি সেবা নিয়ে সেবাগ্রহীতার অভিযোগ এবং একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকির বিষয়টি যথাযথভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,