সারাদেশ

সাতক্ষীরায় কৃষককে হত্যা করে ভারতে পালানোর সময়  বিএসএফের হাতে আটক ২ জন

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক জিতেন মন্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের হাতে আটক হয়েছে দুই অভিযুক্ত।
শনিবার (২২ আগস্ট) ভোরে সাতক্ষীরার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ আমুদিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট) সকালে জিতেন মন্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত কৃষক জিতেন মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের ছিরু মন্ডলের ছেলে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের পাঁচু মন্ডলের ছেলে তপন মন্ডল (৩০) ও ভগেন মন্ডল (৩৫)। তারা নিহত জিতেন মন্ডলের আপন চাচাতো ভাই।
গড়িয়াডাঙ্গা ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে তাদের ভাইদের মধ্যে শুক্রবার মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ও ধারালো অস্ত্রের কোপে জিতেন মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জিতেন মারা যায়। জিতেনের মৃত্যুর খবর শুনে তপন ও ভগেন ভোরে চারাবাড়ি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএসএফ আমুদিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দুইজনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।
স্থানীয় বাঁশদহা ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান, পাচুর ছেলে তপন ও ভগনের সাথে ছিরুর ছেলে জিতেনের জমিজমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই মারামারিতে জিতেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিজেদের মধ্যে মারামারিতে গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে।’
তিনি আরো বলেন, ‘জিতেনের হত্যাকারী তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছে। তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সাথে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,