সিরাজগঞ্জে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সিরাজগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাঁতী (হাটখোলা) ও খোকশাবাড়ি এলাকা থেকে মুফতি আব্দুল হাই আমজাদীর নেতৃত্বে ইজিবাইকযোগে একটি র্যালি শহরের দরগা রোডে হযরত শাহ্সুফি আফজাল মাহমুদ (রহ.)-এর দরগাহ শরীফে এসে পৌঁছায়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে দরগা রোডে হযরত শাহ্সুফি আফজাল মাহমুদ (রহ.)-এর মাজারের সামনে থেকে মূল র্যালি শুরু হয়। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মোকলেসুর রহমান আল কাদেরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শফিকুল ইসলাম আল কাদেরীর নেতৃত্বে র্যালিটি মুজিব সড়ক, বাজার স্টেশনসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরগা রোডের মাজারে এসে শেষ হয়।
র্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে হযরত শাহ্সুফি আফজাল মাহমুদ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বিশেষ মোনাজাত শেষে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হবে।
হযরত শাহ্সুফি আফজাল মাহমুদ (রহ.)-এর মাজারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মাহমুদুল আলম মামুন চিশতী।





