বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহরাস্তিতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ
এইচ এ বাবলু।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিভেদ নয়—ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্য দিয়েই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও এগিয়ে যেতে হবে।
শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাস দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও নির্যাতনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা সবসময় দেশের মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালামুত সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক সহেল, সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আজগর মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।





