কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট, মালিককে ১ লাখ টাকা জরিমানা
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন ছাড়া ক্ষতিকর সার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি অবৈধ সার কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানার মালিক মো. জামালকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আটক কারখানার মালিকের স্বীকারোক্তির ভিত্তিতে জানা যায়, তিনি কোনো অনুমতি ছাড়াই টিএসপি, ডিএপিসহ বিভিন্ন ধরনের সার নিয়ম-নীতি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে উৎপাদন করে আসছিলেন। পরে এসব সার দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো। উৎপাদিত সার কৃষি ও মৎস্য খাতে ব্যবহার করা হয় বলেও জানা যায়।
অভিযানে আরও জানা যায়, বাজারে যে সার প্রতি বস্তা প্রায় ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি হয়, তা ওই কারখানা থেকে মাত্র ৪৫০ টাকা দরে বিক্রি করা হতো। এতে কৃষক ও মৎস্যজীবীরা প্রতারিত হওয়ার পাশাপাশি নিম্নমানের সার ব্যবহারের ঝুঁকিতে পড়ছিলেন।
পরে উপজেলা কৃষি অফিসারের প্রসিকিউশনের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা সার (ব্যবস্থাপনা) সংশোধন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক মো. জামালকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে অবৈধ কারখানা ও জব্দ করা মালামাল উপজেলা কৃষি অফিসারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ, র্যাব-১০ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা, ঢাকার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।





