সদরপুরে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদ ‘লিডার ট্রেইনার’ অর্জন করায় শিক্ষক ফরিদ আহমেদ সংবর্ধিত
শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৩ নং ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোল্যা মো. ফরিদ আহমেদ বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদ ‘লিডার ট্রেইনার’ (এলটি) অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মনোনীত হওয়ায় স্পেন প্রবাসী সরোয়ার হোসেনকেও সংবর্ধনা দেওয়া হয়।
মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে এবং স্কাউটার আবদুস সাত্তার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত দুই অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে ওঠে। বাংলাদেশ স্কাউটসের সঙ্গে যুক্ত থেকে মো. ফরিদ আহমেদের এই অর্জন পুরো সদরপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করতে হবে। দেশের জন্য ভালো কিছু করতে হলে আগামী প্রজন্মকে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।





