সাংবাদিকদের হুমকির অভিযোগে হাটহাজারীতে স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার
হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. মুমিনুল হককে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উত্তর মাদার্শা স্বেচ্ছাসেবক দল।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসিফ মিজানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে মুমিনুল হককে সংগঠনের পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, চৌধুরীহাট নার্সিংহোমে পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত প্রসবের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে যান কয়েকজন সাংবাদিক। এ সময় সাংবাদিকদের নার্সিংহোম থেকে বের হয়ে যেতে বলা এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মুমিনুল হকের বিরুদ্ধে।
এর আগে একই ঘটনায় চিকিৎসা নেওয়ার সময় ইনজেকশন দেওয়ার পর গর্ভের সন্তান মৃত প্রসবের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে নিউজনাও২৪। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে মুমিনের আচরণ নিয়ে অভিযোগ ওঠার পর তা দলীয় পর্যায়ে নজরে আসে।
ঘটনাটি জানার পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি দলীয় নেতাকর্মীদের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে মুমিনুল হককে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
এদিকে, সাংবাদিকদের কাজে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বাধা দেওয়ার অভিযোগে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তবে চৌধুরীহাট নার্সিংহোমে পাঁচ মাসের গর্ভের সন্তান মৃত প্রসবের ঘটনায় চিকিৎসায় অবহেলা, ইনজেকশন প্রয়োগের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি এবং মৃত সন্তান প্রসবের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
এছাড়া ঘটনার সময় নার্সিংহোমে উপস্থিত কয়েকজন সাংবাদিক পরবর্তীতে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে সংবাদ প্রকাশ না করে ফিরে গেছেন, এমন অভিযোগও সামনে এসেছে। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।





