আদমদীঘিতে সাংবাদিকসহ পরিবারকে মারধর
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহি গ্রামে বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে ফরহাদ আলী নামের এক ব্যক্তিকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তিন নারীসহ চারজনের বিরুদ্ধে।
বাবাকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে আহত হয়েছেন তাঁর ছেলে দৈনিক মানবজমিন পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি এবং সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আহত সাংবাদিক ফিরোজ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগে জানা গেছে, ঘটনার সময় তাঁদের বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ চলছিলো। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালি গালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে করে তার মাথায় রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সাংবাদিক ফিরোজ ও তার বাবাসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় সান্তাহার শহর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা হলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম কুমার পাড়ার সাথী বেগম (৩০) বিহিগ্রাম ওস্তাদ পাড়ার আসমা বেগম (৪৭) নওগাঁ জেলার রাণী নগর উপজেলার বোহার গ্রামের রুজিনা আক্তার (৩৮) ও বিহিগ্রাম কুমার পাড়ার আব্দুর রহমান (৬০)
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





