সাতক্ষীরায় স্বামী স্ত্রীর ঝগড়ায় মায়ের সাথে বিষপানে শিশুর করুণ মৃত্যু
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার ধূলিহরে শিশুসন্তানসহ মনোয়ারা খাতুন নামে এক গৃহবধূর বিষপানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার ১৮ মাস বয়সী ছেলে ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মনোয়ারা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে স্বামী মো. আলমগীর হোসেনের সঙ্গে মনোয়ারা খাতুনের কথাকাটাকাটি হয়। পরে আলমগীর বাড়ি থেকে বেরিয়ে গেলে মনোয়ারা বাড়িতে থাকা বেগুনগাছের পোকামাকড় দমনের বিষপান করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সঙ্গে তিনি তার ১৮ মাস বয়সী ছেলে ইব্রাহিমকেও ওই বিষ খাওয়ান বলে অভিযোগ পরিবারের।
বিষয়টি জানাজানি হলে মা ও শিশুকে ব্রহ্মরাজপুর বাজারের স্থানীয় চিকিৎসক মো. জিয়াউর রহমানের কাছে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনোয়ারা খাতুনকেও চিকিৎসা দেওয়া হয়।
পরে রোববার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। মনোয়ারা খাতুনের চিকিৎসা চলছে।
মনোয়ারা খাতুনের স্বামী আলমগীর হোসেন বলেন, আমার স্ত্রী মানসিক রোগে ভুগছেন। সকালে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে আমাদের মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়েছিল। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে যাই। পরে জানতে পারি, আমার স্ত্রী বিষপান করেছেন এবং শিশুকেও বিষ খাইয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





