আদমদীঘিতে সাংবাদিককে মারপিটের মামলায় আব্দুর রহমান গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রামে সাংবাদিক ফিরোজ হোসেন ও তাঁর বাবা ফরহাদ আলীকে মারধরের ঘটনায় মঙ্গলবার রাতে নিজ বাড়ী থেকে আব্দুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
শুক্রবার বিকেলে বাড়ির খলিয়ানে তার কাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার মামলায় আব্দুর রহমান নামের ঐ প্রতিবেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃত আব্দুর রহমান (৬৫) উপজেলার বিহিগ্রাম কুমার পাড়ার লীল চাঁনের ছেলে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমার পাড়ায় বাড়ির খলিয়ানে তারকাঁটার বেড়া দেওয়ার কাজ করছিলো জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালি গালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকারে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর শনিবার সকালে আহত ফিরোজ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।





