সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ২
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। একই দিন শ্যামনগরে ফুলগাছের পোকা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় নিহত হন স্কুলশিক্ষিকা শামীমা নাসরিন। তিনি ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।
সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, সকালে স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা। বৈকারী মোল্লার মোড়ে মোটরসাইকেলটি বাঁ দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শামীমা। আহত তার স্বামীকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেন। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামে গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী জানান, সকালে ফুলগাছের পোকা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন শাহিনুজ্জামান। পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।




