দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার শুরা অধিবেশন ও উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দুর্গাপুর পৌরসভাস্থ দারুল হিকমাহ ইসলামী একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা আলী আকবরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন জালালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মাওলানা মঞ্জুরুল হক, হাফেজ মো. মোস্তফা কামাল, মাওলানা সফিকুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মো. মোশাররফ হোসেন, মাওলানা ইদ্রিছ আলী ও মাওলানা আবুল বাশার প্রমুখ। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজাল হোসাইন জালালী বলেন, “বছরের পর বছর ধরে চলে আসা বৈষম্য, জুলুম ও দুর্নীতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন কিংবা পরিচিত মুখের রদবদল জনগণের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সমাজ থেকে সব ধরনের শোষণ ও অবিচার দূর করতে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র সংস্কার অপরিহার্য। এ জন্য আমাদের প্রত্যেককে আরও জোরদার মেহনত করতে হবে।”
সম্মেলনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে হাফেজ মাওলানা মঞ্জুরুল হককে সভাপতি, হাফেজ মো. মোস্তফা কামালকে সহসভাপতি, মো. মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সফিকুল ইসলামকে সহসাধারণ সম্পাদক নির্বাচিত করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তা জেলা কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিশেষে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।





