ইউপি সদস্য প্রার্থী আঃ ছালাম বিশ্বাসের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ
তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন পোশাক উপহার বিতরণ করা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ আঃ ছালাম বিশ্বাসের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সদস্য, বয়স্ক নারী ও পুরুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
উপহার পেয়ে উপস্থিত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখেন।
এ বিষয়ে মোঃ আঃ ছালাম বিশ্বাস সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই তাঁর এ উদ্যোগ।
তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই আমাদের সামাজিক ঐতিহ্য। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি জানান, এলাকার গরিব, দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে তিনি সাধ্যমতো সহযোগিতা করে থাকেন। ভবিষ্যতেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।





