ক্ষেতলালের গৃহিণী রীতির অনুপ্রেরণাদায়ী সাফল্য,১৫ বছর পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
সংসারের দায়িত্ব, একটি কন্যাসন্তানের লালন-পালন কিংবা বয়সের ব্যবধান—কোনো কিছুই দমাতে পারেনি গৃহিণী রীতি খাতুনের অদম্য ইচ্ছাশক্তিকে।
এসএসসি পাসের দীর্ঘ ১৫ বছর পর স্বামীর অকুণ্ঠ সমর্থনে আবারও বই-খাতা হাতে তুলে নিয়েছিলেন তিনি। আর সেই সাধনার ফল হিসেবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের বাসিন্দা রীতি খাতুন প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা ও অধ্যবসায় থাকলে শেখার কোনো নির্দিষ্ট বয়স নেই।
দীর্ঘ বিরতির পর এমন গৌরবোজ্জ্বল সাফল্যে রীতি খাতুনের পরিবারসহ পুরো নশিরপুর গ্রামে এখন আনন্দের বন্যা বইছে।
এলাকাবাসী জানান, গৃহিণী হয়েও শত প্রতিকূলতা পেরিয়ে তাঁর এই অর্জন এলাকার অন্য নারীদের পড়াশোনায় নতুন করে উৎসাহিত করবে।
তাঁর এই কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলেন, রীতি খাতুনের একাগ্রতা এবং তাঁর স্বামীর অনুপ্রেরণা সমাজে ইতিবাচক শিক্ষার প্রসারে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।





