বরিশালের দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী বানারীপাড়ায় উদযাপিত
মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।
আলোচনা সভা, কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বরিশালের বানারীপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক ‘বাংলাদেশ বাণী’ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দুই বছরের সফল পথচলা পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংবাদকর্মীরা অংশ নেন।
রোববার (১ নভেম্বর) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুম সরদার, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঘল সুমন সাফকাত শুভ, এবং উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম শফিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিন খালাসি, পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ, উপজেলা প্রেসক্লাবের সহ-কোষাধ্যক্ষ মাসুদ হাওলাদার, পৌর প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ আব্দুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মোঃ আল আমিন স্বপন এবং সদস্য মোঃ মাসুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক বাংলাদেশ বাণী’ অল্প সময়েই পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। সত্যের পক্ষে থেকে সমাজ ও জনগণের কল্যাণমূলক সংবাদ প্রকাশের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





