কালীগঞ্জে মেম্বারের বাড়িতে দুটি ফার্ম থেকে সাতটি গরু চুরি
মারুফ হাসান :
গাজীপুরের কালীগঞ্জে মেম্বারের বাড়ি থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে।
রবিবার ( ১ নভেম্বর)আনুমানিক রাত ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাতুয়া গ্রামে আরমান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি খামার থেকে মোট সাতটি গরু চুরি হয়েছে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, গত রাতে তাঁর খামার থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি গরুগুলো খামারে দেখতে পান। কিন্তু ভোরে আবার উঠে দেখেন, খামারে তাঁর কোনো গরু নেই।
অপর ভুক্তভোগী আরমান মেম্বার জানান, তাঁর খামার থেকেও দুটি গরু চুরি হয়েছে।
এলাকাবাসী জানান, গত ২০ বছরের মধ্যে এ এলাকায় এমন চুরির ঘটনা ঘটেনি। তাঁদের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করতে হবে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





