সারাদেশ

নওগাঁয় ছিনতাইয়ের ঘটনায় রাতেই ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৯ লাখ টাকা

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে পিকআপ ভ্যান থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পিকআপ চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স সোহাগ আইরন স্টোরের মালিক আব্দুল আলিমের প্রতিষ্ঠানের মালামাল বিক্রির জন্য গত ৩ নভেম্বর পিকআপ ভ্যান নিয়ে বগুড়ায় যান চালক সোহেল রানা (২৫) ও দোকানের ম্যানেজার মজনু মিয়া (৩৫)। সেখানে মালামাল বিক্রি করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে তারা মহাদেবপুরে ফিরছিলেন।
ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে ফাঁকা রাস্তায় পৌঁছালে পিকআপ ভ্যানটি বিকল হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে চালক সোহেল রানাকে হালকা মারধর এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে। পরে তাদের কাছ থেকে মালামাল বিক্রির নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তিনি জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হাসিমের নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠান এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তথ্যপ্রযুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করেন। রাতভর অভিযান চালিয়ে মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মুন্না (২৪) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে মহাদেবপুর উপজেলার ঈশ্বরলক্ষীপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রবিন (২৫) কে মহাদেবপুরে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার হওয়া দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপ চালক সোহেল রানা (২৫) কে নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ছিনতাইয়ের পরিকল্পনায় চালক সোহেল রানা ও মুন্না জড়িত ছিলেন এবং ছিনতাইয়ের ঘটনায় রবিন প্রধান ভূমিকা পালন করেন। তারা তিনজন মিলে গত এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলা পুলিশ সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,