জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪ দশমিক ২ কেজি গাঁজাসহ মোঃ তারেক হোসেন তন্ময় (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে জয়পুরহাট সদর থানাধীন পৌরসভার সরদারপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার তারেক হোসেন তন্ময় জয়পুরহাটের দরগাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আব্দুল জলিল।
এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাঁর হেফাজত থেকে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৪ দশমিক ২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক এসব মালামাল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।





