হাজীগঞ্জে পুকুর থেকে সাবেক ইউপি সদস্য দুলাল মিয়াজীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে পুকুর থেকে সাবেক ইউপি সদস্য দুলাল মিয়াজীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
মোঃ রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে এক সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতিতে গ্রেপ্তারের আশঙ্কায় দুলাল মিয়াজী কয়েক দিন ধরে রাতে বাড়িতে অবস্থান করতেন না। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলার পর তিনি ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম দেখা গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রাথমিক তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এদিকে, সাবেক এই জনপ্রতিনিধির মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।





