সারাদেশ

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন গ্রেফতার, ইয়াবাসহ আটক আরও একজন

কক্সবাজারে অভিযান চালিয়ে যুবলীগের তিন নেতাকে গ্রেফতার, শিবপুরে ইয়াবাসহ আটক এক ব্যক্তি

শাহরাস্তি প্রতিনিধি।।
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন এবং ইয়াবাসহ আরও একজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশের একটি দল কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল হোসেন বাচ্চু (৪৫), যিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত; টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (৩৯), যিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক; এবং ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু (৪৬), যিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৩৬ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিবপুর বাংলাবাজার এলাকায় নাহিদ স্টোরের সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রাসেল কুমিল্লার লাকসাম উপজেলার পূর্ব লাকসাম এলাকার বাসিন্দা। তিনি শিবপুর বাংলাবাজারের মীম মীনা অটো রাইস মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন। এ সময় তার হেফাজত থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,