রৌমারীতে ১২ মাদক মামলার আসামি ফকির চাঁন গ্রেফতার
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন বিশেষ অভিযান চালিয়ে ১২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফকির আলী ওরফে ফকির চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফকির চাঁন রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানা পুলিশের একাধিক অভিযানিক দল ও রাত্রিকালীন জরুরি পার্টির সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফকির চাঁন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। মাদক ব্যবসা পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তার বাড়িতে ১৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে পুলিশের অভিযানে বাড়ি থেকে ওই সিসি ক্যামেরাগুলো জব্দ করা হয়।
তাকে গ্রেফতারের জন্য এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে প্রতিবারই তিনি পুলিশের অভিযান এড়িয়ে যেতে সক্ষম হন। অবশেষে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে রাত্রিকালীন বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির জানান, গ্রেফতারকৃত ফকির চাঁনের বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্টসহ একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও জানান, রৌমারী এলাকায় মাদক ব্যবসা, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
রৌমারী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




