জয়পুরহাটের কালাইয়ে বসেছে দেড় যুগের বেশি সময়ের ঐতিহ্যবাহী মাছের মেলা
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাই উপজেলায় অগ্রহায়ন মাসের প্রথম সপ্তাহে নবান্ন উৎসব উপলক্ষে এক দিনের ঐত্যিবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে ঘিরে উপজেলায় উৎসব আর আনন্দের আমেজ দেখা দেয়। আজ বুধবার(১৮ নভেম্বর)ভোর বেলা থেকেই কালাই পাঁচশিরা বাজারে বসা রকমারি দোকান গুলোতে মাছের পসরা সাজিয়ে চলছে বেচাকেনার ধুম। মাছের মেলাটিকে ঘিরে এ দিনে নিকটবর্তী জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তাই এলাকার ধনী,গরীব সব শ্রেণীর পেশার মানুষ এ দিন সাধওসাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফিরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মত এবারেও নবান্ন উপলক্ষে মেলায় বিভিন্ন এলাকা থেকে মহিলা,পুরুষ ও শিশুরাসহ মাছ কিনতে ও দেখতে আসে। রুই, সিলভার, কাতলা, মৃগেল, ব্রিগেট, বাগার, বোয়াল, চিতলসহ রকমারি প্রজাতির মাছ দিয়ে পসরা সাজায় ব্যবসায়ীরা। মেলায় ওঠা বড় মাছগুলোর ওজন ছিল প্রায় ২৮থেকে ৩০ কেজি। মাছের প্রকারভেদে মাঝারি আকারের মাছ ৩৮০ থেকে ৫০০ টাকা এবং বড় মাছ ৬০০ থেকে ১৫০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে।
মেলায় মাছ কিনতে আসা ক্ষেতলাল থেকে মনজুরুল আলম বলেন,নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে একটা মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়। সেখানে খাবার পরিবেশনের অন্যতম অংশ জুড়েই থাকে নতুন ধানের চালের ভাত ও মাছের বিভিন্ন পদের তরকারি। তাই এই মাছের মেলায় এসেছি ,দেখেশুনে মাছ কিনব।
মেলায় মাছ কিনতে আসা কালাই কর্মকারপাড়া বাসিন্দা শুভ,বলেন ,নবান্ন উৎসবকে কেন্দ্র করে গতবারের চেয়ে এবার মাছের মেলায় প্রচুর আমদানি হয়েছে তবে দাম অনেকটা বেশী।
উপজেলার স্বনামধন্য মাছ ব্যবসায়ী বাইজিদ বলেন, ৪৫০ টাকা কেজি দরে ৭ কেজি কাতল মাছ বিক্রি করেছি জয়পুরহাট থেকে সাগর হোসেন নামের এক ক্রেতার কাছে বিক্রি করেন। মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বেচা কেনা সে তুলনায় কম। তারপরও বেশি লাভেরই প্রত্যাশা করছেন তারা।
কালাই পাচঁশিরা মাছ বাজারে ইজারাদার আব্দুল লতিফ বলেন, শুধু জয়পুরহাট নয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ব্যাপারীরা এ মেলায় মাছ এনে বিক্রি করেন। এবার মাছের বাজার স্বাভাবিক আছে এতে করে সবাই মাছ কিনতে পারবে। তিনি আরও বলেন,এ মেলা এবার প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালাই উপজেলার মৎস কর্মকর্তা (অতিরিক্ত) রফিকুল ইসলাম বলেন,পাঁচশিরা বাজারে বিভিন্ন প্রজাতির বড় ছোট আকারে মাছের সমাগমের কারণে ক্রেতাদের পাশাপাশি মাছ চাষিরাও উৎসাহিত হন। মেলায় অনিরাপদ বা বিষাক্ত মাছ বিক্রি ঠেকাতে মৎস্য বিভাগের নজরদারি থাকবে। এবারও বিপুল পরিমাণ মাছ বিক্রির সম্ভাবনা রয়েছে।তার ধারণা, দিন শেষে লেনদেন দেড় কোটি টাকা ছাড়াতে পারে।মৎস বিভাগ চাষীদের সবসময় মাছ চাষে পরামর্শ দিয়ে আসছে। আগামীতে এই মেলার পরিধি আরো বাড়বে বলে আমি আশাবাদী।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, নবান্ন উৎসব উপলক্ষে প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পাঁচশিরা বাজারে এই মৎস্য মেলার আয়োজন করেন। এটি আমাদের একটি ঐতিহ্যবাহী উৎসব। এ মেলায় জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ক্রেতা-বিক্রেতারা অংশ নেন। মেলাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিষিদ্ধ কোনো মাছ যেন বিক্রি করা না হয়, সে বিষয়ে আমাদের কঠোর নজরদারি রয়েছে।





