আলোক রাসায়নিক ধোঁয়াশাঃ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়
কাজী ফারহান হায়দার
আলোক রাসায়নিক ধোঁয়াশা নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা জানার চেষ্টা করব আলোক রাসায়নিক বায়ু দূষণ সম্পর্কে।সৌর আলোকের উপস্থিতিতে বায়ুমণ্ডলের ট্রপোস্ফেরিক অঞ্চলের দুই বা ততোধিক প্রাথমিক বায়ু দূষকের পারস্পরিক রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন গৌণ বায়ু দূষকের উপস্থিতিতে সৃষ্ট বায়ু দূষণকে আলোক রাসায়নিক বায়ু দূষণ বলে।এবার আলোচনা করা যাক “স্মগ” বা ধোঁয়াশা শব্দটি আমাদের কাছে কীভাবে এসেছে তা নিয়ে। স্মোক (smoke – ধোঁয়া) এবং ফগ (fog – কুয়াশা) শব্দ দুটি একত্রে ‘স্মগ’ শব্দটি গঠিত হয়েছে। বড় বড় শহরগুলিতে দিনের বেলায় যানবাহনের চলাচল বেশি থাকে তাই সে সময়ে আলোক রাসায়নিক বায়ু দূষনের পরিমাণ বেশি হয়ে থাকে। আলোক রাসায়নিক ধোঁয়াশা উৎপন্ন হয় হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন অক্সাইডের আলোক রাসায়নিক জারণে। আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য দায়ী উপাদানগুলো হচ্ছে ওজোন, ফরমালডিহাইড, অ্যাক্রোলিন, পারঅক্সাইড, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, নাইট্রিক এসিড, সালফিউরিক এসিড ও ফ্রি-র্যাডিকেল। ১৯৪০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে দেখা যায় যা দেখতে ঘন কুয়াশার মতো। লস অ্যাঞ্জেলেস শহরে যে স্মগ পাওয়া যায় তা জারনধর্মী। সূর্যালোকের প্রভাবে এটি সৃষ্টি হয় বলে একে আলোক রাসায়নিক ধোঁয়াশা বলা হয়। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার যেটি (0-11 km) পর্যন্ত বিস্তৃত সেখানে অক্সিজেন কার্যত আণবিক অবস্থায় থাকে এবং পদার্থের রাসায়নিক জারণ ঘটায়। জীবের শ্বসন, জ্বালানির দহন, জৈব ও অজৈব বস্তুর বিজারণ প্রায় সকল ক্ষেত্রে অক্সিজেন জারক হিসেবে কাজ করে।
জ্বালানি হিসেবে কয়লার ব্যবহারের কারণে যুক্তরাজ্যের লন্ডনের আকাশ ঘন কালো কুয়াশায় ঢাকা থাকত। লন্ডনের আকাশে কয়লার কালো ধোঁয়া মিশে কুৎসিত ধোঁয়াশা সৃষ্টি হত তখন তার নাম দেওয়া হয়েছিলো “স্মগ” । কয়লার ধোঁয়া হতে ধোঁয়াশা সৃষ্টি হতো বলে স্মগে প্রচুর পরিমাণে SO₂ থাকত। অপরদিকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের যে স্মগ সৃষ্টি হয় তা জারনধর্মী, সালফার ডাই অক্সাইড, কুয়াশা এ ধরণের স্মগের জন্য দায়ী নয়। তীব্র সূর্যকিরনের সাথে নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বনের মিশ্রণে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়। আলোক রাসায়নিক ধোঁয়াশা তীব্র সূর্যকিরনের প্রভাবে অক্সিজেন, উদ্বায়ী হাইড্রোকার্বন ও নাইট্রোজেন অক্সাইড পারস্পরিক বিক্রিয়ার উৎপন্ন বহু সংখ্যক গ্যাসের একটি জটিল মিশ্রণ। আলোক রাসায়নিক ধোঁয়াশা ভয়ংকর রকমের বায়ু দূষণ করে। ইউরোপের অনেক দেশ, আমেরিকা, মেক্সিকো, চিলি, টোকিও ও ঢাকা, দিল্লী সহ পৃথিবীর বড় বড় শহরে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়।আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টির জন্য যে বিষয়গুলো দায়ী তা নিচে এবার আলোচনা করা যাক—
বিভিন্ন উৎস থেকে দূষক বায়ুমণ্ডলে প্রবেশ করে। কোন একটি অঞ্চলে দূষক প্রতিদিন একই হারে প্রবেশ করতে পারে আবার নাও করতে পারে। আবহাওয়া যেখানে এক একদিন এক এক প্রকার হয়ে থাকে সেখানে বায়ুদূষণের মাত্রার ও পরিবর্তন ঘটে। আবহাওয়ার অবস্থানগত কারণে বায়ুদূষণের মাত্রা নির্ভর করে। বাতাসের দিক ও বেগ, তাপমাত্রা, বায়ুমণ্ডলের স্থিতিশীলতা, বৃষ্টিপাত আর্দ্রতা, সৌর বিকিরণ এর উপর বায়ুদূষণ প্রভাবিত হয়। ভূ-পৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলে যেসব দূষক প্রবেশ করে তা বাতাসের সাথে দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভূ-পৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলে যানবাহনের ধোঁয়া প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে। যানবাহনের ধোঁয়ায় অলিফিন শ্রেণীর হাইড্রোকার্বন ও নাইট্রোজেনের অক্সাইড থাকে। সূর্যালোকের উপস্থিতিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টির জন্য যেসব পদার্থ মুখ্য ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা করা যাক—-
ওজোন: বাতাসে প্রায় ০.৭ ppm ঘনমাত্রার ধোঁয়াশা তৈরি করতে পারে।পার অক্সি অ্যাসাইল নাইট্রেট: পার অক্সি অ্যাসাইল নাইট্রেট প্রায় ০.৫ ppm ঘনমাত্রায় ধোঁয়াশায় উপস্থিত থাকে।
অ্যালডিহাইড: ধোঁয়াশায় অ্যালডিহাইড শ্রেণীর ফরমালডিহাইড, অ্যাক্রোলিন, অ্যালডিহাইড ইত্যাদির উপস্থিতি পাওয়া যায়।
অ্যালকাইল নাইট্রেট: ধোঁয়াশায় এই শ্রেণীর অন্যতম মিথাইল নাইট্রেট পাওয়া যায়।অ্যারোসল: ধোঁয়াশায় অ্যারোসল গঠিত হয় মূলত অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম নাইট্রেট দ্বারা। ধোঁয়াশায় যেসব উপাদান থাকে তা থেকে সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড তৈরি হওয়ার মত পরিবেশ তৈরি হয়। যানবাহনের ধোঁয়া থেকে যে ধোঁয়াশা সৃষ্টি হয় তাতে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইড থাকে, অন্যদিকে প্রাণীর মলমূত্র থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়।
বায়ুমন্ডলে দিনের বেলায় নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বনের ঘনমাত্রা ক্রমান্বয়ে বাড়ে। যেহেতু দিনের বেলা যানবাহন চলাচল বাড়ে ও ধোঁয়ার সাথে নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বন ধোঁয়াশায় ছড়িয়ে পড়ে। সূর্যের তীব্রতা বাড়ার সাথে সাথে আলোক রাসায়নিক বিক্রিয়ায় প্রাথমিক দূষণকারী পদার্থ বায়ুমণ্ডলে মিশ্রিত হয়, ক্রমান্বয়ে নাইট্রোজেনের অক্সাইড, ওজোন, অ্যালডিহাইড ধোঁয়াশায় যুক্ত হয়। আলোক রাসায়নিক ধোঁয়াশার ফলে আকাশে বাদামী আস্তরণ তৈরি হয় যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধোঁয়াশার ফলে চোখ জ্বালাপোড়া করে এবং শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসের বিভিন্ন ধরণের রোগ দেখা দিতে পারে। আলোক রাসায়নিক ধোঁয়াশা গাছপালার পাতার ক্ষতি করে ও ফসলের উৎপাদন কমিয়ে দেয়। মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটায় ও দৃষ্টিসীমা কমিয়ে ফেলায় দৈনন্দিন কাজকর্মে মারাত্মক বিঘ্ন ঘটে। বায়ুমণ্ডলে থাকা ও অনান্য জারক পদার্থর রাবার, প্লাস্টিক ও বিভিন্ন স্থাপনা নির্মাণে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর ক্ষয় সাধন করে। দিনের বেলায় যানবাহনের আলো জ্বালিয়র পথ চলতে হয় এবং যানবাহনের জ্বালানি খরচ বেড়ে যায়। পাশাপাশি, অধিক ধোঁয়াশায় থাকলে জ্বালানির ব্যয় বেড়ে যায়, বাসাবাড়ি, অফিস-আদালতে আলো জ্বালাইয়ে কাজ করা লাগে। এবা্র আলোচনা করা যাক পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও প্রধান শহরগুলোতে আলোক রাসায়নিক ধোঁয়াশার ফলে সৃষ্ট জটিলতা নিয়ে। ভৌগলিক গঠন ও আবহাওয়ার কারণে আমেরিকার লস অ্যাঞ্জেলেস সবসময় আলোক রাসায়নিক ধোঁয়াশার জন্য বিশ্বে পরিচিত। লস অ্যাঞ্জেলেসে প্রচুর পরিমাণে ব্যক্তিগত গাড়ি ও যানবাহন চলে। এসব গাড়ি থেকে নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বন নির্গত হয়। পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের আবহাওয়া বছরের বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল ও উষ্ণ থাকে। সূর্যের অতি বেগুনি রশ্মি গ্যাসগুলোর সাথে মিশ্রিত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। লস অ্যাঞ্জেলেসের শহরটি একদিকে প্রশান্ত মহাসাগর এবং অন্য তিনদিকে পাহাড় দিয়ে ঘেরা। ফলে দূষিত বাতাস বাইরে বেরিয়ে যেতে পারে না এবং শহরের আকাশে আটকা থাকে। এ শহরের সাগরের ঠান্ডা বাতাস নিচে এবং উপরের উষ্ণ বাতাস একটি ঢাকনার মতো কাজ করে, যা ধোঁয়াশাকে মাটির কাছাকাছি আটকে রাখে।১৯৬৬ সালে নিউইয়র্ক শহরের ধোঁয়াশা ছিল সবচেয়ে বড় বায়ুদূষণ জনিত ঘটনা, যা সারা পৃথিবীতে আলোড়ন তুলেছিলো। ১৯৬৬ সালের ২৩ হতে ২৬ নভেম্বর পর্যন্ত ধোঁয়াশা শহর ও আশেপাশের এলাকা ঢেকে রেখেছিল যা ১৯৫৩ এবং ১৯৬৩ সালের একই মাত্রার ঘটনার পর ছিল তৃতীয় বড় ধোঁয়াশা সৃষ্টির ঘটনা। নিউইয়র্কের ম্যানহাটন, ব্রুকলিন এবং ব্রঙ্কসের মতো এলাকায় যানবাহনের আধিক্য ও ঘনবসতির কারণে প্রচুর পরিমাণে নাইট্রোজেন অক্সাইড ও কার্বন কণা নির্গত হয়। ১৯৬৬ সালে ডিসেম্বরের প্রকাশিত জরিপে নিউইয়র্ক শহরের প্রায় ১০ শতাংশ মানুষ চোখের জ্বালা, কাশি ও শ্বাসকষ্টের মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। নিউইয়র্ক শহরের এ ধোঁয়াশার কারণে বায়ু দূষণ কমানো ও বিশ্বব্যাপী সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তীতে আমেরিকা ১৯৬৭ সালে “এয়ার কোয়ালিটি অ্যাক্ট” এবং ১৯৭০ সালে “ক্লিন এয়ার অ্যাক্ট” প্রণয়ন করেন যাতে বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। মেক্সিকো সিটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৭৩৮২ ফুট উপরে যার ফলে আশেপাশে পাহাড় দ্বারা দূষণ আটকে যায়, এখানে সূর্যের অতিবেগুনি রশ্মি খুব তীব্র। সূর্যালোকের উপস্থিতিতে বাতাসে নির্গত গ্যাসের মিশ্রণে ধোঁয়াশা তৈরি হয়। মেক্সিকো সিটিতে যানবাহনের বিস্তার, দ্রুত শিল্পায়ন হওয়ার ফলে বায়ু দূষণের মাত্রা বেড়েছে। বর্তমানে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ও বেশি ধোঁয়া নির্গতকারী গাড়ী চালানো নিষিদ্ধ করেছে, ভারী শিল্প গুলোকে শহরের মূল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে শহরের ৩৪টি স্টেশনের মাধ্যমে সার্বক্ষণিক বায়ুর মান পর্যবেক্ষণ করা হয়।১৯৭০ সালের জুলাই মাসে জাপানের টোকিওর সেনগায়া ও শিনজুকু এলাকায় টানা কয়েকদিন আলোক রাসায়নিক ধোঁয়াশা দেখা যায়, সে সময় বাতাস স্থির থাকায় ও প্রচণ্ড গরমের কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে উন্নত প্রযুক্তি, গনপরিবহনের প্রসার এবং পরিবেশ বান্ধব নীতির কারণে টোকিওর বাতাস আগের চেয়ে অনেক পরিষ্কার। তবে গ্রীষ্মকালে তীব্র রোদের কারণে দিনে মাঝে মাঝে সীমিত আকারে আলোক রাসায়নিক ধোঁয়াশা দেখা যায়।লন্ডনের ঐতিহাসিক ধোঁয়াশা মূলত সালফারাস স্মগ বা ‘লন্ডন স্মগ’ নামে পরিচিত। এটি মূলত কয়লার ছাই থেকে উৎপত্তি। ১৯৫৬ সালে Clean Air Act (পরিষ্কার বায়ু আইন) এর পর লন্ডনে কয়লার ব্যবহার কমে যাওয়ায় সালফারাস স্মগ হয় না, তবে বর্তমানে যানবাহনের আধিক্যের কারণে গ্রীষ্মকালে সূর্যের তাপে মাঝেমধ্যে আলোক রাসায়নিক ধোঁয়াশা (Photochemical Smog) দেখা যায়।
ভারতের দিল্লি শহরে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে দিল্লির আকাশে আলোক রাসায়নিক ধোঁয়াশা মারাত্মক আকার ধারণ করে। শহরে রাস্তায় চলাচলকারী বিপুল পরিমাণ যানবাহনের নির্গত ধোঁয়া এই দূষণের সবচেয়ে বড় কারণ। শহরের আশেপাশের বিদ্যুৎ কেন্দ্র, শিল্প-কলকারখানা এবং চলমান নির্মাণকাজের ধুলাবালি বাতাসকে ভারী করে তুলছে। দিওয়ালি উৎসবের আতশবাজির কারণে প্রতি বছর দিল্লির আকাশ বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যায়। এ ছাড়াও বিভিন্ন উৎসবে আতশবাজি পোড়ানো হয়। আতশবাজি পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া ও ধূলিকণার পরিমাণ বেড়ে যায়। শহরের বিভিন্ন এলাকা ধূসর ধোঁয়ার চাদরে ঢেকে যায়। রাস্তাঘাট, ভবন কমে আসে দৃশ্যমানতা। বাতাসে গন্ধের পাশাপাশি মধ্যেরাতের পরেও আতশবাজির শব্দ শোনা যায়। পাশের এলাকার ফসলের অবশিষ্টাংশ পোড়ানো ও যানবাহনের ধোঁয়া দিল্লির বায়ুদূষণ প্রতিদিন তীব্র আকার ধারণ করে। বিশেষ করে অক্টোবর ও নভেম্বর মাসে পরিস্থিতি খারাপের দিকে যায় এবং শহরের ওপর দীর্ঘ সময় ধরে ঘন ধোঁয়াশার আস্তরণ তৈরি হয় ফলে স্কুলে অনলাইন ক্লাস ও বাড়িতে থেকে কাজের পরামর্শ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান।বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বাতাসেও মাঝেমাঝে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়। সম্প্রতি ১৭ নভেম্বর ঢাকায় গড় AQI স্কোর ৩৩৬ থেকে ৩৯৫ পর্যন্ত রেকর্ড করা হয়, যা দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত। বাড্ডা, গুলশান, বসুন্ধরা ও বারিধারা এলাকায় এই মাত্রা ৪০০ ছাড়িয়ে যায়। নভেম্বর ২০২৬ সালের প্রথম ২০ দিনের বায়ুমান বিশ্লেষণ করলে দেখা যাবে এ ধরনের বায়ু সংবেদনশীল ও অস্বাস্থ্যকর।
বিশেষ করে ১৫ থেকে ১৭ নভেম্বর ২০২৬ দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র আলোক রাসায়নিক ধোঁয়াশার সৃষ্টি হয়। ঢাকায় বাতাসের গতিবেগ কম থাকায় বাতাস স্থির অবস্থায় থাকে যার ফলে দূষিত কনা শহরের অপর থেকে সরে যেতে পারে নি। এছাড়াও বৃষ্টিহীনতা ও রাতের তাপমাত্রা পরিবর্তন হওয়ার কারণে বাতাসে ভাসমান ধূলিকণা যা ২২৪ ug/m³ । ঢাকার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) তখন ১৯৪ থেকে ২৫৮-এর মধ্যে ওঠানামা করছে, যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। বর্তমান ঢাকার বাতাসে বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের তুলনায় ১৩ থেকে ৪৯ গুণ বেশি থাকায় সতর্ক ভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।এবার আমরা আলোচনা করবো আলোক রাসায়নিক ধোঁয়াশা প্রতিরোধের ও নিয়ন্ত্রণের উপায় নিয়ে–
১. দেশজুড়ে ও বড় বড় শহর গুলোতে বৃক্ষরোপনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নতুন নতুন বনাঞ্চল সৃজন করা। সামাজিক বনায়ন ও গাছ লাগানোর উপর জোর দেওয়া, কারণ গাছপালা বাতাসের কার্বন ডাই-অক্সাইড ও ভাসমান ধূলিকণা শোষণ করে এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।
২. উদ্বায়ী রাসায়নিক পদার্থের ব্যবহার সীমিত রাখা। রাসায়নিক রঙ, বার্নিশ, স্প্রেতে থাকা উদ্বায়ী জৈব যৌগ ধোঁয়াশা তৈরি করে তাই পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহার করা।
৩. শিল্প কল-কলকারখানায় ধোঁয়া পরিশোধনের ব্যবস্থা করা। কলকারখানার চিমনিতে আধুনিক ফিল্টার ও স্ক্রাবার বসিয়ে ক্ষতিকর গ্যাস বাতাসে যাওয়া বন্ধ করা। বড় বড় শহরগুলোতে ভারী শিল্প কলকারখানা সরিয়ে নেওয়া।
৪. পরিবেশবান্ধব যানবাহন ও জ্বালানি ব্যবহার করা। জীবাশ্ম জ্বালানি যেমন— পেট্রোল, ডিজেল ও অকটেনের পরিবর্তে বৈদ্যুতিক যান, হাইব্রিড গাড়ি এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারের মাধ্যমে ধোঁয়া নির্গমন অনেকটা কমানো যায়।
৫. যানবাহনে ক্যাটালাইটিক কনভার্টার যুক্ত করলে তা ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইড ও অদগ্ধ হাইড্রোকার্বনকে তুলনামূলকভাবে নিরাপদ গ্যাসে রূপান্তরিত করে যার মাধ্যমে জ্বালানি নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করলে বিষাক্ত ধোঁয়ার পরিমাণ কমে যায়।
৬। শিল্প কলকারখানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। কয়লা ও তেলের পরিবর্তে সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুতের মতো দূষণমুক্ত শক্তির উৎস সন্ধান করে ব্যবহার করতে হবে।
৭। নির্মাণ কাজ ও শিল্পায়নের সময় অতিরিক্ত ধুলাবালি ও রাসায়নিক যাতে বাতাসে মিশ্রিত না হয় সেদিকে নজর দিতে হবে।
৮। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে মিনিবসের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের ব্যবহার নিশ্চিত করা। এছাড়াও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহন বাড়ানোর ব্যবস্থা করা এবং দেশের বড় শহরে ইলেকট্রিক ট্রেন, শাটল ট্রেন ও শাটল বাস সার্ভিস চালু করা, যাতে অনেক মানুষ একসাথে গন্তব্যে পৌঁছাতে পারে।
৯। পৃথিবীর বিভিন্ন দেশে যানবাহন পরিচালনায় জোড়-বিজোড় সিস্টেম চালু আছে। বায়ু দূষণ কমানোর জন্য পাবলিক পরিবহন নিয়ন্ত্রণে জোড়-বিজোড় সিস্টেম চালু করা যেতে পারে।
১০। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে, যা অবশ্যই KN95 বা N95 হতে হবে। সকাল ও রাতের ব্যায়াম এড়িয়ে চলতে হবে, বিশেষ করে ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত ধোঁয়াশা ও দূষণের মাত্রা সবচেয়ে বেশি থাকে। শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীদের দীর্ঘ সময় খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দেওয়া।





