সারাদেশ

মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২

পটিয়া ও আনোয়ারায় পৃথক অভিযান চালিয়েছে এসআরবি-৭
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় পৃথক দুটি অভিযানে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এ সময় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের অভিযোগে এক নারীসহ দুজনকে আটক এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এসআরবি-৭ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মাদক কারবারিরা চট্টগ্রাম মহানগরী ও আশপাশের থানা এলাকায় নানা কৌশলে মাদক পাচার করছে।
পটিয়ায় পেটের ভেতরে ইয়াবা: গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে পটিয়া থানার জুলুর দিঘীর পাড়ে ‘এসএম কমিউনিটি সেন্টার’-এর সামনে বিশেষ চেকপোস্ট বসায় এসআরবি-৭-এর একটি দল। চেকপোস্টের দিকে আসা নম্বরবিহীন একটি সিএনজির দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন মহেশখালীর সালমা বেগম (৫০) ও বান্দরবানের আলীকদমের মো. তারেক (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তার সঙ্গী নারী পেটের ভেতরে ইয়াবা বহন করছেন।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে এক্স-রেতে ওই নারীর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে তার পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো ৫০টি পোটলা বের হয়, যাতে ছিল ১ হাজার ৯০০ পিস ইয়াবা। এর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
আনোয়ারায় সিটের ভেতরে ২০ হাজার ইয়াবা: একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবার চালান আসার খবরে আনোয়ারা থানার চৌমুহনী বাজারের সামনে চেকপোস্ট বসানো হয়। একটি মোটরসাইকেলের চালক চেকপোস্ট দেখে না থেমে কিছুদূর গিয়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।
পরে মোটরসাইকেলের সিট কভারের ভেতর বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও জব্দ মালামাল সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,