তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন
বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ওয়াসিম সেখের পাঠানো তথ্যচিত্রে:
সিরাজগঞ্জে চলমান তীব্র তাপদাহের মধ্যেও এসএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন। পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সময় প্রচণ্ড গরমে অনেক অভিভাবককে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অপেক্ষা করতে দেখা যায়। এই অবস্থায় তাদের সামান্য স্বস্তি দিতে এগিয়ে আসে ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন। এতে করে তীব্র গরমে ক্লান্ত অভিভাবকরা কিছুটা স্বস্তি পান এবং উদ্যোগটির প্রশংসা করেন।
এ সময় উপস্থিত কয়েকজন অভিভাবক জানান, এত গরমের মধ্যে বাইরে বসে থাকা খুব কষ্টকর। এই পানি ও স্যালাইন আমাদের জন্য অনেক উপকার হয়েছে।
হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সাত্তার বলেন, আমরা প্রায় ২০০০ বোতল পানি ও স্যালাইন বিতরণ করেছি। তীব্র গরমে মানুষ যেন সামান্য স্বস্তি পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমরা শুধু পানি বা স্যালাইন বিতরণেই সীমাবদ্ধ নই। সমাজের বিভিন্ন প্রয়োজনে-রাস্তা সংস্কার, কন্যাদান সহায়তা, অসহায়দের সহযোগিতা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। মূলত মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সমাজের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তন এনে দিতে পারে।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।





