দশমিনায় গাঁজা ও ইয়াবাসহ অর্ধ ডজন মাদক মামলার আসামী গ্রেফতার
মো. জায়েদ হোসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ অর্ধ ডজন মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলা সদরের প্রাণিসম্পদ দপ্তর এলাকায় সদর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াজ হোসেন (৩১) ওই এলাকার ফারুক বেপারির ছেলে।
জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও তিন পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, রিয়াজ পেশাদার মাদক ব্যবসায়ী। আগে থেকেই ওর বিরুদ্ধে অন্তত পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম আজকালের খবরকে বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরেকটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) তাকে আদালতে পাঠানো হবে।




