সারাদেশ

মাদক সম্রাট সবুজের শাস্তির দাবিতে শাহরাস্তিতে শত শত নারী-পুরুষের বিক্ষোভ ও মানববন্ধন

এইচ এ বাবলু, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা বাজারে কথিত মাদক কারবারি ও বখাটে যুবক ফজলে রাব্বী সবুজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ফজলে রাব্বী সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতীতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করলেও বর্তমানে ভিন্ন পরিচয়ে একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে সবুজ। সম্প্রতি আফ্রিকা প্রবাসী লোকমান হোসেনের ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রবাসী লোকমান হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে লোকমান হোসেন ছাড়াও রবিন ও সাহেদ নামে আরও দুইজন আহত হন। পরে অভিযুক্ত সবুজ উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা দায়ের করলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ আরও বৃদ্ধি পায়।

প্রবাসী লোকমান হোসেন অভিযোগ করে বলেন, দেশে ফেরার পর তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়।

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া মো. আবদুল খালেক অভিযোগ করেন, বিকাশের মাধ্যমে প্রতারণা করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল, যা পরে স্থানীয় সালিশের মাধ্যমে ফেরত দেওয়া হয়।

অন্যদিকে, সবুজের শাশুড়ির অভিযোগ, তার মেয়েও দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। এ বিষয়ে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা ফজলে রাব্বী সবুজের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

স্থানীয়দের মতে, কোনো কথিত মাদক কারবারি বা বখাটের বিরুদ্ধে শাহরাস্তিতে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত ও বৃহৎ বিক্ষোভ সমাবেশ আগে খুব কমই দেখা গেছে। ফলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,