সারাদেশ

অপরিকল্পিত ড্রেনেজে ভাঙছে ফসলি জমি, বিপাকে দুই গ্রামের মানুষ; হুমকির মুখে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
উন্নয়নের নামে গড়ে ওঠা সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক এখন স্থানীয় কৃষক ও গ্রামবাসীর জন্য যেন এক নতুন দুর্ভোগের নাম। শিল্প পার্কের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমিতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ড্রেনের পানি সরাসরি কৃষিজমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিনিয়ত মাটি ক্ষয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে কৃষকের জীবিকার একমাত্র অবলম্বন।
স্থানীয় কৃষকদের চোখে এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। যে জমিতে বছরের পর বছর গম, তিল, ধুমসা ও পাটের আবাদ করে সংসার চলতো, সেই জমিগুলো আজ ভাঙনের কবলে পড়ে ধ্বংসের মুখে। অনেকের অভিযোগ, শুধু পানি প্রবাহই নয়, তাদের ব্যক্তিমালিকানাধীন জমির ওপর কংক্রিট ব্লকও স্থাপন করা হয়েছে, যা ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।
ভাঙন শুধু কৃষিজমিতেই সীমাবদ্ধ নয়। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই ভাঙন একসময় বিসিক শিল্প পার্কের অবকাঠামোকেও হুমকির মুখে ফেলতে পারে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই।
এদিকে শিল্প পার্কের বাউন্ডারি ওয়াল নির্মাণের কারণে উত্তর বেলুটিয়া ও দক্ষিণ বেলুটিয়া গ্রামের প্রায় দুই হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। জরুরি চিকিৎসার জন্য প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়াও হয়ে উঠেছে কষ্টসাধ্য। স্থানীয়দের ভাষায়, “একটি রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পুরো গ্রামের স্বাভাবিক জীবনযাত্রাই যেন থমকে গেছে।
জানা যায়, ৪০০ একর এলাকা নিয়ে গড়ে ওঠা সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে ২৭৫ একর বরাদ্দযোগ্য জমির ওপর ৮২৯টি শিল্প প্লট রয়েছে। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য ৯৫ একর জমিতে ২৭৯টি প্লট বরাদ্দের সুযোগ রাখা হয়েছে। এখন পর্যন্ত ১৩০টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে ২৬৪টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে ৭১৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মেগা প্রকল্প হিসেবে শিল্প পার্কটির কাজ শুরু হয়। একাধিকবার মেয়াদ বৃদ্ধির পর ২০২৪ সালের ৩০ জুন কাগজে-কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হলেও বাস্তবে এখনও প্লট বরাদ্দসহ নানা কার্যক্রম স্থবির অবস্থায় রয়েছে।
এদিকে প্রকল্পের সাবেক পরিচালক জাফর বায়েজিদের বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার একাধিক অভিযোগ থাকলেও তাকে রাজশাহী বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যমুনা সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মৌজার অংশ নিয়ে এই শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে। প্রকল্পটিতে অন্তত ৫৭০টি শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা থাকলেও দীর্ঘসূত্রতা, অনিয়ম ও বরাদ্দ কার্যক্রমে বিলম্বের কারণে দেশি-বিদেশি অনেক উদ্যোক্তা আগ্রহ হারিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান, ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বন্ধ হয়ে যাওয়া গ্রামীণ সড়ক পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, রাস্তা নির্মাণ করে দেওয়ার আশ্বাস বহুবার দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও জেলা প্রধান মোঃ মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ও সচিত্রে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।
সম্প্রসারণ কর্মকর্তা (বিসিক জেলা কার্যালয়, সিরাজগঞ্জ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিল্প পার্ক প্রধান হিরন্ময় বর্ধন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। রাস্তার বিষয়েও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
তবে জরিপ ও তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কারিগরি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জের মোঃ বাধন হাসান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের জন্য নির্মিত একটি প্রকল্প যদি মানুষের জমি, ফসল ও স্বাভাবিক জীবনযাত্রা কেড়ে নেয়, তবে সেই উন্নয়নের সুফল কার জন্য? এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা-কাগজে-কলমে নয়, বাস্তবে যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। নইলে কৃষকের জমি, গ্রামের যোগাযোগ ব্যবস্থা এবং শিল্প পার্ক-সবকিছুই একসঙ্গে বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,