বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ২
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইচা গ্রামের মৃত আজমল হোসেনের ছেলে মোঃ ইব্রাহীম শেখ এবং একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ বিবেক ইসলাম। এর মধ্যে ইব্রাহীম শেখ বহুলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে জিআর-৪৫৭/২৫ নম্বর মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ২০০৮-এর অধীনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম মিয়ার বাড়িতে হামলা, মারধর এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে। ওই ঘটনায় পরবর্তীতে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আইনশৃঙখলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনের চোখ ফাঁকি দিয়ে কোনো অপরাধীর পার পাওয়ার সুযোগ নেই। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।





