এলজিইডির প্রভাতী প্রকল্পে নতুন রূপ পেল লালমনিরহাটের দইখাওয়া হাট
আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাট:
এক সময়ের কাদাপানি ও অপর্যাপ্ত অবকাঠামোর দইখাওয়া বাজার এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর যৌথ অর্থায়নে প্রায় ৯১ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় বাজারটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে।
প্রকল্পের অধীনে বাজারে ৩টি মাল্টিপারপাস শেড, ২টি ফিশ শেড, আরসিসি রোড, ড্রেনেজ ব্যবস্থা, তোহা বাজার, নারী-পুরুষের পৃথক টয়লেট এবং সৌরবাতির আলো দিয়ে আধুনিক বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা হয়েছে।
স্থানীয় হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী আকতার হোসেন জানান, “প্রকল্পটি এলসিএসের মাধ্যমে বাস্তবায়ন করায় স্থানীয় দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে জীবনমান উন্নয়ন ও টেকসই অর্থনীতি নিশ্চিত করাই এলজিইডির লক্ষ্য।”
বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও নিয়মিত ক্রেতা রেহেনা বেগম জানান, আগে সামান্য বৃষ্টিতেই বাজারে কাদা ও জলাবদ্ধতা তৈরি হতো। কিন্তু এখন পাকা রাস্তা, ড্রেনেজ ও শেডের সুবিধা থাকায় রোদ-বৃষ্টির দুশ্চিন্তা ছাড়াই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও ব্যবসা পরিচালনা করা যাচ্ছে। নাইট শিফটে সৌরবাতি থাকার ফলে রাতের পরিবেশও নিরাপদ হয়েছে।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবিরুল ইসলাম মোনা বলেন, “দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান হওয়ায় এখন ব্যবসায়ী ও ক্রেতারা আধুনিক সুবিধা পাচ্ছেন। এটি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”





