উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থলিয়ার বিল থেকে মালা খাতুন (প্রায় ৭০) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নেওয়ারগাছা নতুনপাড়া গ্রামের পাশের থলিয়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মালা খাতুন ওই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ থলিয়ার বিল থেকে মালা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। মরদেহের ডান কানের লতিতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মালা খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে তাঁর স্বজন ও স্থানীয়রাও কিছু জানাতে পারেননি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, তাঁর বোন বাড়িতে একাই থাকতেন। তাঁর ছেলে-মেয়েরা ঢাকায় থাকেন। মালা খাতুন আশপাশের খাল-বিলে মাছ ধরে তা বিক্রি করতেন। জয়নাল আবেদীন নিজে প্রায় দুই কিলোমিটার দূরের বালসাবাড়ী গ্রামে বসবাস করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বিলের পানিতে তাঁর বোনের মরদেহ ভাসতে দেখে তাঁদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। কীভাবে মালা খাতুনের মৃত্যু হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।





