সারাদেশ

রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন

মো,জায়েদ হোসেন,
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড, বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের বক্তব্যের প্রতিবাদ এবং দলীয় নেতা হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপি,  অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাএ সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী  কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক ও সমাজের দর্পণ। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশমিনা উপজেলা বিএনপি বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘অপরদিকে কথিত বিএনপির অজনপ্রিয় একটি ক্ষুদ্র অংশ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে অপ্রাপ্তবয়স্ক ছাত্র ও গণঅধিকারের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীদের নিয়ে অর্থ ব্যয় করে একটি মিছিল ও পথসভা করেছে।
পথসভায় জাতীয় পার্টি থেকে আসা এবং বিভিন্ন সময়ে দল ও আদর্শ পরিবর্তনকারী এক নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় ওই নেতা বহিষ্কৃত হয়েছিলেন। তিনি গতকাল এবং বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়ে চলেছেন বলেও অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই নেতা বিএনপির কর্মসূচি নিয়ে এনসিপি ও জামায়াতের অর্থায়নের যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন। বিএনপির নেতাকর্মীদের ‘বিএনপির কেউ নন,এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের নির্যাতিত ও পরীক্ষিত সৈনিক।
হাসান মামুন প্রসঙ্গে ফখরুজ্জামান বাদল বলেন, ‘আমাদের সম্মানিত নেতা জনাব হাসান মামুন একজন ক্লিন ইমেজধারী নেতা। তার নেতৃত্বে পটুয়াখালী-৩ আসনের দশমিনা-গলাচিপার সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং অত্র অঞ্চলে সর্বকালের জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে ও দলকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি অভিযোগ করেন, হাসান মামুনের ব্যক্তিগত মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি অপশক্তি বিভিন্ন সময়ে দলের ভেতরে ঢুকে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া গলাচিপায় বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল গলাচিপায় বিএনপির শক্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ থেকে আগত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালিয়েছে। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে দাবি করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে একদিকে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বড় মিছিল করেছেন। অন্যদিকে সুযোগসন্ধানী, দল ও নেতা পরিবর্তনকারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অল্পবয়সী শিক্ষার্থীদের নিয়ে অর্থ ব্যয় করে মিছিল ও পথসভা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। ওই পথসভায় অশালীন বক্তব্যের মাধ্যমে হাসান মামুনসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দশমিনা-গলাচিপা বিএনপির নেতৃত্ব একটি কুচক্রী, অযোগ্য, হীন মানসিকতার ও সুযোগসন্ধানী মহলের হাতে চলে গেছে। তারা দলকে ব্যবহার করে লুটপাট, চর ও জমি দখল, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সরকারি টিউবওয়েল বরাদ্দের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়াসহ বিভিন্ন অপকর্ম করছে বলে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও বক্তারা দাবি করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজনকে মামলার ভয় দেখিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করানো হচ্ছে এবং দশমিনা-গলাচিপায় বিএনপি ও অঙ্গসংগঠনকে দুর্বল করে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করার চেষ্টা চলছে। এ ছাড়া দশমিনায় ‘দুলাভাই বাহিনী’ ও গলাচিপায় ‘শালা বাহিনী’ নামে বিভিন্ন মহল প্রভাব বিস্তার করে অপকর্ম ও ত্রাসের রাজত্ব কায়েম করছে বলেও অভিযোগ করা হয়।
এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি দশমিনা-গলাচিপার বিএনপির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নেতারা।
তারা হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে আনার পাশাপাশি দশমিনা-গলাচিপা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী, পরীক্ষিত ও দলের আদর্শে বিশ্বাসী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আ. আলিম তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমিন মোল্লা, মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির মহলাদার, সাবেক যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস সহ ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,