শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
এইচ এ বাবলু:
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি থানার উদ্যোগে সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক বাজার এলাকায় এ মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটির নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
র্যালীতে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, র্যালীতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন।
র্যালী শেষে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।





