কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মারুফ হাসান, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের উদ্যোগে দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নরসিংদীর মাধবদীর খিদিরপুর ফুটবল একাদশ ১-০ গোলে গাজীপুরের কালীগঞ্জের শিংলাব ইয়াংস্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় জাগলীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ও গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খালেকুজ্জামান বাবলু। খেলার উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বোয়ালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুবকর ছিদ্দিক।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী খিদিরপুর ফুটবল একাদশ ও রানার্সআপ শিংলাব ইয়াংস্টার একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





