আইনশৃঙ্খলায় অবদানের স্বীকৃতি পেলেন ডিমলার এসিল্যান্ড রওশন কবির
হযরত আলী বেলাল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির।
রোববার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নিয়মিত সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জানা যায়, ডিমলা উপজেলায় দায়িত্ব পালনের সময় নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। তাঁর এ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়ার পর রওশন কবির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা ও সরকারি দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনে অনুপ্রেরণা জোগাবে।
এদিকে, রওশন কবিরের এই অর্জনে ডিমলা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





