গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক যুবক
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার তারাগঞ্জ থেকে বুড়ীরহাট যাওয়ার সড়কে জনৈক মিষ্টার আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জাহানুর ইসলাম (২৫)। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহানুর ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত হওয়ায় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।




