চিকিৎসার জন্য ভারতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল সাতক্ষীরার ২ জন
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
ভারতের নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন সাতক্ষীরার মো. আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার। আলিমুজ্জামান সাজু কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মো. ইউনুস আলী সরদারের ছেলে। অন্যদিকে রেবতী সরকার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী। পরিবার জানিয়েছে, তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।
বুধবার রাতে তাদের মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়। স্বজনরা এখন অপেক্ষা করছেন মরদেহ দেশে ফিরিয়ে আনার।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে আলিমুজ্জামান সাজু ও রেবতীর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীদের ভিড়। বাড়ির সামনে চেয়ার পেতে বসে কাঁদছেন অনেকে। বাড়ির সামনে কাঁদছিলেন সাজুর বড় ভাই সাহেব সরদার ও বড় ভাবি কানিস আক্তার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ যেহেতু ভারতে রয়েছে সেক্ষেত্রে হাইকমিশনারের মাধ্যমে দেশে আনতে হবে। নিহতের স্বজনরা মৃতদেহ ফেরানোর জন্য আবেদন করছেন ইতিমধ্যে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ দেশে ফেরত আনা হবে বলে জানান তিনি।





