জয়পুরহাটের কালাইয়ে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের বিশাল কর্মীসভা
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইটাইল ও ধাপ দামথর এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকদের অংশগ্রহণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জিন্দারপুর ইউনিয়নের ইটাইল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মীসভার আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক। জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা প্রামাণিকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফিরোজ কবির।
সভায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা যুবদলের সদস্য জাকির হোসেন সাজু মাস্টার। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক বলেন, জিন্দারপুর ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নসহ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে যেতে হবে। জনগণের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানতে হবে। কোনো ধরনের বিভেদ বা সংঘাত নয়, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মীসভা স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হকের পক্ষে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবেই ৫ নম্বর ওয়ার্ডে এ কর্মীসভার আয়োজন করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ওয়ার্ডে কর্মীসভা, মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা।
জাহিদুল ইসলাম (জাহিদ)
স্টাফ রিপোর্টার।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮





