তালায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২), পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪) এবং তালার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)। গ্রেপ্তার হওয়া সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানা গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সীমানা পিলার কেনাবেচা করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। ভোলানাথের বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে পিলারটি লুকিয়ে রাখা হয়েছিল। চক্রের ‘বিশেষজ্ঞ’ সদস্যরা পিলারটি পরীক্ষা করার জন্য মাটি খুঁড়ে বের করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পিলারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে।





