দিনাজপুরের মুক্ত চিন্তা যুব সেবা সংঘ পেল জলবায়ু পুরস্কার ২০২৬

মোঃমোমিনুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণদের নেতৃত্বে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের স্বীকৃতি হিসেবে দিনাজপুরের মুক্ত চিন্তা যুব সেবা সংঘ অর্জন করেছে যুব-নেতৃত্বাধীন জলবায়ু পুরস্কার ২০২৬। পুরস্কারের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনের স্ফুলিঙ্গ জ্বালাও, জলবায়ুর ভবিষ্যতের নেতৃত্ব দাও’।
আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১২ টায় রাজধানীর মুক্তিযোদ্ধা জাদুঘরের অডিটোরিয়ামে জলবায়ু পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। ভিএসও বাংলাদেশ আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মুক্ত চিন্তা যুব সেবা সংঘের ‘শিকড় থেকে সহনশীলতা – আগামীর জন্য সুস্থ ও সহনশীল উদ্যোগ’ একটি কমিউনিটিভিত্তিক জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে জলবায়ু-সহনশীল পারিবারিক বাগান, বৃষ্টির পানি সংরক্ষণ এবং জৈব বর্জ্য থেকে জৈব সার তৈরির ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে মুক্ত চিন্তা যুব সেবা সংঘ দিনাজপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তরুণদের সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে জলবায়ু ও পরিবেশভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে জলবায়ু শিবির, জলবায়ু ধর্মঘট, ন্যায়সংগত রূপান্তর ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ক কর্মশালা, বৃক্ষরোপণ, বিদ্যালয়ভিত্তিক পরিবেশ শিক্ষা এবং বিভিন্ন স্থানীয় পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘এই পুরস্কার আমাদের জন্য শুধু একটি সম্মাননা নয়; এটি স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিচালিত কার্যক্রমের স্বীকৃতি। শিকড় থেকে সহনশীলতা উদ্যোগের মাধ্যমে আমরা স্থানীয় জ্ঞান, তরুণদের নেতৃত্ব এবং জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণকে একত্রিত করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর ও টেকসই পরিবর্তন আনার চেষ্টা করছি।’
সংগঠনটি আরও জানায়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ, খরা, অনিয়মিত বৃষ্টিপাত, পানি সংকট এবং পরিবেশগত অবক্ষয় মানুষের জীবন ও জীবিকার ওপর ক্রমবর্ধমান প্রভাব ফেলছে। এসব বাস্তবতার আলোকে স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
এই স্বীকৃতি মুক্ত চিন্তা যুব সেবা সংঘের ভবিষ্যৎ জলবায়ু কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি উত্তরবঙ্গের তরুণদের জলবায়ু নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করেছে।




