সারাদেশ

মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক শুভ্রের

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি:  কুমিল্লা : – কুমিল্লায় একাধিক মামলা দায়েরের জেরে মামলা প্রত্যাহারে চাপ, অনুসরণ, অপহরণের চেষ্টা, চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, ছিনতাই এবং সাইবার হয়রানির অভিযোগ করেছেন জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র। এসব ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কুমিল্লার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া অভিযোগে অজ্ঞাতনামা তিন পুরুষ ও এক নারীসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের অনুলিপি কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে। অভিযোগটি এসডিআর নং-৬৮৯০, তারিখ ৮ আগস্ট ২০২৬ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মওদুদ আবদুল্লাহ শুভ্র জানান, এর আগে তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আরাফাতসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি ১৪ নভেম্বর ২০২৪ তারিখে দায়ের করা হয় এবং এতে জখম ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ রয়েছে। ওই মামলার পর থেকেই অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছেন বলে অভিযোগ তার।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন সময়ে ছদ্মবেশে নম্বরবিহীন মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে তাকে অনুসরণ করতেন এবং তার বাসাবাড়ির আশপাশে অবস্থান নিতেন। ২০২৫ সালের ১১ মে কুমিল্লা আদালত ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির কাছে দুই ব্যক্তি নিজেদের প্রশাসনের বিশেষ সংস্থার লোক পরিচয় দিয়ে মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি দেখান এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ওই সময় তিনি চিৎকার করলে কোর্ট পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। তখন ওই দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে আদালতকে বিষয়টি অবহিত করা হলে ১৩ মে ২০২৫ তারিখের এক আদেশে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় চারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন বলে দাবি করেন মওদুদ আবদুল্লাহ শুভ্র। তার অভিযোগ, তাদের মাথায় হেলমেট ও মুখে কালো মাস্ক ছিল। তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। তিনি রাজি না হওয়ায় একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন, পেশাগত কাজে ব্যবহৃত ডিজিটাল ক্যামেরা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

জখম অবস্থায় স্থানীয়রা তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে তার অভিযোগের ভিত্তিতে কোতয়ালী মডেল থানায় ১৬ অক্টোবর ২০২৫ তারিখে মামলা হয়। অভিযোগপত্রে মামলাটির নম্বর ৫১, জিআর ৮১২ এবং দণ্ডবিধির ৩৯২/৩৪ ধারার কথা উল্লেখ করা হয়েছে।

মওদুদ আবদুল্লাহর দাবি, এসব মামলা বিচারাধীন থাকার মধ্যেই তাকে ধারাবাহিকভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি কোতয়ালী মডেল থানায় একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগও করেছেন বলে জানান।

অভিযোগকারী আরও দাবি করেন, তার পূর্বে দায়ের করা জিআর ও সিআর মামলাগুলোর আসামিদের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর অভিযুক্তদের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,