সারাদেশ

৩ মাস পর আজ থেকে খুলছে সুন্দরবনের দুয়ার,দস্যু আতঙ্কে জেলে বাওয়ালরা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছেন জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকেরা। বন উন্মুক্ত হওয়ায় উপকূলীয় এলাকায় জীবিকার প্রয়োজনে সুন্দরবনে ফেরার প্রস্তুতি শুরু করেছেন বনজীবীরা। তবে দীর্ঘ অপেক্ষার পর সুন্দরবনের দুয়ার খুললেও জেলেদের মধ্যে কাটেনি দস্যু আতঙ্ক।
বনজীবীদের অভিযোগ, সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার আগে অনেক সময় দস্যুদের অগ্রিম টাকা দিতে হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌকা আটকে জিম্মি করা, মারধর এবং এমনকি হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাঁদের।
দস্যু আতঙ্কের পাশাপাশি সুন্দরবনে প্রবেশের আগে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন জেলেরা।
বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের বনজ সম্পদ আহরণ ও ইকো-ট্যুরিজম বন্ধ ছিল। এ সময়ে সুন্দরবনে প্রবেশও পুরোপুরি নিষিদ্ধ ছিল। তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে বন উন্মুক্ত হওয়ায় বনজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে দস্যুদের নিয়ে তাঁদের উদ্বেগ এখনো রয়ে গেছে।
বনজীবীরা জানান, সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজি ও অপহরণের ঘটনা নতুন নয়। তাঁদের অভিযোগ, অনেক সময় উপকূলের জেলেদের অপহরণ করে পরিবারের সদস্যদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা পাওয়ার পর জিম্মি জেলেদের ছেড়ে দেওয়া হয়। এসব ঘটনায় অর্থ লেনদেনের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তাঁরা
জেলে মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, সুন্দরবন বন্ধ থাকায় তিন মাস তাঁদের আয়-রোজগার বন্ধ ছিল। বন আবার খুলে দেওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। তবে সুন্দরবনে যাওয়ার সময় দস্যুদের ভয় কাজ করে। তাঁর অভিযোগ, দস্যুদের টাকা না দিলে নৌকা আটকে দেওয়াসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।
জেলে মিজানুর রহমান বলেন, সুন্দরবন বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। এখন বন খুলেছে, তাই আবার সুন্দরবনে যেতে হবে। তবে বনে গেলে দস্যুদের ভয় থাকে। তাঁদের টাকা না দিলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেই আতঙ্ক সব সময় কাজ করে।
জেলেদের অভিযোগ, দস্যুদের অগ্রিম টাকা না দিলে তাঁরা নৌকা থামিয়ে জেলেদের তুলে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দাবি করা হয়। টাকা পাওয়ার পর জিম্মিদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ কারণে জীবন রক্ষার জন্য বাধ্য হয়ে অনেকে সুন্দরবনে প্রবেশের আগেই দস্যুদের টাকা দিয়ে দেন বলে জানান বনজীবীরা।
বনজীবীদের অভিযোগ, দস্যুদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশ্যে বক্তব্য দিলে পরে তাঁদের ওপর হামলা বা নির্যাতনের আশঙ্কা থাকে। সাংবাদিকদের সামনে ভিডিও বক্তব্য দেওয়ার পরও বিপদে পড়ার ভয় রয়েছে। এ কারণে দস্যুদের বিষয়ে তথ্য জানা থাকলেও অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে দস্যুতা দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বন উন্মুক্ত করার আগে বনজীবীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এ কাজে কোস্টগার্ড, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বন বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দস্যুতা দমনে কোস্টগার্ড, র‌্যাবসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নেওয়া হয়েছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,