আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও, দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন দেওগ্রামের লাঠিয়ালরা
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
ঢোলের বাজনা আর কাঁসার ঘণ্টার তালে তালে চলছে লাঠির কসরত। কখনো প্রতিপক্ষের আঘাত, কখনো কৌশলে তা প্রতিহত করে পাল্টা আক্রমণ। লাঠিয়ালদের এমন শ্বাসরুদ্ধকর খেলা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের ভিড়। আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা এখনো ধরে রেখেছেন পূর্বপুরুষদের এই সংস্কৃতি।
প্রতিবছর দুর্গাপূজার বিজয়া দশমীর তিন দিন পর শনিবার বসে ঐতিহ্যবাহী এই লাঠিখেলার মেলা। প্রায় দেড়শ বছরের বেশি সময় ধরে চলে আসা এ আয়োজন ঘিরে উৎসবে মেতে ওঠেন গ্রামবাসী। আশপাশের গ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে আসেন হাজারো দর্শনার্থী। এবার ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে এই মেলা।
শুধু লাঠিখেলা নয়, মেলাকে ঘিরে রয়েছে গ্রামীণ সংস্কৃতি, পারিবারিক বন্ধন ও আত্মীয়স্বজনের মিলনমেলা। জামাই-মেয়ে ও স্বজনদের দাওয়াত, বাড়িতে বাড়িতে বিশেষ খাবারের আয়োজন—সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। মেলায় বসেছে নানা রকম মিষ্টি, চিনির শাহী জিলাপি, বাঁশ-কাঠ, লোহা ও মাটির তৈরি সামগ্রীর দোকান। রয়েছে শিশুদের খেলনা ও প্রসাধনীর দোকানও। তবে মেলার মূল আকর্ষণ সেই ঐতিহ্যবাহী লাঠিখেলা।
লাঠিয়াল সহিদুল ও প্রবীণ লাঠিয়াল স্বাধীন হোসেন বলেন, বংশপরম্পরায় চলে আসছে এই লাঠিখেলার চর্চা। বাবা-দাদার কাছ থেকে খেলা শিখেছেন তাঁরা। এখনো বিনা পারিশ্রমিকে দর্শকদের আনন্দ দিতে লাঠিখেলায় অংশ নেন। তবে সময়ের সঙ্গে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় একদিন এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের।
মেলা আয়োজক কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, সময়ের পরিবর্তনে গ্রামবাংলার অনেক পুরোনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা নিজেদের আগ্রহ ও ভালোবাসা দিয়ে পূর্বপুরুষদের সংস্কৃতি ধরে রেখেছেন। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আগামী প্রজন্মকে লাঠিখেলার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।
আয়োজকদের দাবি, পশ্চিম দেওগ্রামের এই মেলা শুধু বিনোদনের আয়োজন নয়; এটি গ্রামবাংলার ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। ঐতিহ্যবাহী এই আয়োজন টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা। তাঁদের প্রত্যাশা, নতুন প্রজন্মও এগিয়ে আসবে লাঠিখেলার চর্চা ও ঐতিহ্য রক্ষায়।





