এক ফোঁটা বৃষ্টি, এক সড়কের পরাজয়—তারাগঞ্জে বাস্তব চিত্র
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সামান্য বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ একটি সড়কে হাঁটু পানি জমে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাজারের কেন্দ্রীয় সড়কটি—তারাগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা ডা. জয়নাল আবেদীনের বাড়ির সামনে পর্যন্ত—সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি কার্যত অচল হয়ে পড়ে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আকরাম হোসেন জানান, “এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভ্যানে করে বাজারে আসার সময় রাস্তায় জমে থাকা পানি ছিটকে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। এতে করে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হয়। অথচ দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।”
এস কে মডেল স্কুলের শিক্ষার্থী এমামুল কারিম তাহসান বলেন, “সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। আমরা যখন এই রাস্তা দিয়ে স্কুলে যাই, তখন ইউনিফর্ম কাঁদা পানিতে ভিজে যায়। এতে করে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।”
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বছরের পর বছর ধরে এই সমস্যার মধ্যে আছি। কয়েক বছর আগে একটি ড্রেন নির্মাণ করা হলেও তা টেকসই হয়নি এবং অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে গেছে। ফলে জলাবদ্ধতা সমস্যার কোনো সমাধান হয়নি। আমরা দ্রুত একটি স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, “আমি সম্প্রতি সড়কটি পরিদর্শন করেছি। পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটির সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




