সারাদেশ

কালাইয়ে ওএমএস এর আটা চুরি কেলেঙ্কারিতে বরখাস্ত-৩

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারের বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আটা বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিদিন দুই টন (৪০ বস্তা) আটা বরাদ্দ থাকলেও বিক্রয়কেন্দ্রে রাখা হতো মাত্র ২০ বস্তা। বাকি ২০ বস্তা আটার হদিস না মেলায় আত্মসাতের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করে কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদ, খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবী সরকার এবং সহকারী উপখাদ্য পরিদর্শক আব্দুল মোমিন।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় কালাই উপজেলায় প্রতিদিন দুই টন চাল ও দুই টন আটা বরাদ্দ দেওয়া হয়। একজন সুবিধাভোগী মাত্র ২৭০ টাকায় পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কেনার সুযোগ পান। কিন্তু বাস্তবে বরাদ্দের পুরো আটা বিক্রয়কেন্দ্রে পৌঁছাত না বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, প্রতিদিন ৪০ বস্তা আটার পরিবর্তে মাত্র ২০ বস্তা বিক্রি করা হতো। ফলে শত শত নিম্নআয়ের মানুষ চাল পেলেও আটা ছাড়াই ফিরে যেতে বাধ্য হন। দীর্ঘদিন ধরে একই কৌশলে বরাদ্দের একটি অংশ গায়েব করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে।

অনিয়মের অভিযোগ নিয়ে সাংবাদিকরা উপজেলা খাদ্য কর্মকর্তার কাছে জানতে চাইলে গোপনে ধারণ করা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “সবাই মিলেমিশে খাই… ভাই-ব্রাদার মানুষ, সবাই মিলেমিশে খামু।” ভিডিওটি ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং প্রশাসন দ্রুত নড়েচড়ে বসে।

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, জয়পুরহাট শহরের সাদিয়া ফ্লাওয়ার মিলস থেকে নিয়মিত পূর্ণ বরাদ্দের ৪০ বস্তা আটা সরবরাহ করা হতো। সহকারী উপখাদ্য পরিদর্শক সেই আটা গ্রহণ করে প্রাপ্তিস্বীকারপত্রে স্বাক্ষরও করতেন। কিন্তু পরদিন বিক্রয়কেন্দ্রে পাওয়া যেত মাত্র অর্ধেক আটা। বাকি আটার গন্তব্য কোথায়—সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

ভিডিও প্রকাশের পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যেও তাদের প্রতিবেদন জমা পড়েনি। এর আগেই অভিযুক্ত তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সাদিয়া ফ্লাওয়ার মিলসের ব্যবস্থাপক জহুরুল ইসলাম দাবি করেছেন, বরাদ্দ অনুযায়ী প্রতিদিনই তিন উপজেলায় পূর্ণ পরিমাণ আটা সরবরাহ করা হয়েছে।

এদিকে নিম্নআয়ের মানুষের জন্য পরিচালিত ওএমএস কর্মসূচিতে এমন অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, শুধু সাময়িক বরখাস্ত নয়, আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জাহিদুল ইসলাম জাহিদ
স্টাফ রিপোর্টার।
০১৭৮৫৩৫২৫৫৮
৩০ জুলাই, ২৬

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,