চট্টগ্রামে ক্যারিয়ার এক্সপোতে সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ
ব্র্যাক ক্যারিয়ার হাব, চট্টগ্রামের উদ্যোগে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’ শীর্ষক বৃহত্তর পরিসরে চাকরির মেলা আয়োজিত হতে যাচ্ছে।আগামী বুধবার (২০ মে) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।
এবারের এক্সপোতে একই ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় স্বনামধন্য অসংখ্য প্রতিষ্ঠান তাদের চলমান শূন্যপদ নিয়ে উপস্থিত থাকবে।
অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: বিএসআরএম,মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, শুন শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (সেভেন রিংস সিমেন্ট),এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, আরএফএল গ্রুপ, জেনেক্স ইনফোসিস পিএলসি, প্রাণ গ্রুপ, ওয়ালটন প্লাজা, আকিজ গ্রুপ, ব্র্যাক ব্যাংক পিএলসি, এসিআই পিএলসি, ইউনাইটেড ফিন্যান্স পিএলসি, এম. এম. ইস্পাহানি লিমিটেড, ঘাসফুল, বিএম এনার্জি (বিডি) লিমিটেড, এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, পেড্রোলো এনকে লিমিটেড, সবুজ গ্লোবাল এডুকেশন, প্রিয়শপ ডটকম লিমিটেড, প্যাসিফিক জিন্স, রয়্যাল সিমেন্ট লিমিটেডসহ আরও বহু সংখ্যক স্বনামধন্য প্রতিষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, এই এক্সপোতে শিক্ষার্থীরা সরাসরি কোম্পানিগুলোর প্রতিনিধিদের কাছে তাদের সিভি জমা দিতে পারবেন। অনেক ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের জন্য থাকবে অন-স্পট ইন্টারভিউ বা তাৎক্ষণিক সাক্ষাৎকারের সুবর্ণ সুযোগ।চাকরি ছাড়াও এই মেলা থেকে শিক্ষার্থীরা অভিজ্ঞ প্রফেশনালদের সাথে সরাসরি মতবিনিময়, মেন্টরদের সেশন থেকে বর্তমান জব মার্কেটের চাহিদা অনুযায়ী ক্যারিয়ার পাথ নির্বাচনসহ নানাবিধ সুযোগ-সুবিধা।আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে বলা হয়েছে।রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/wr3P9tSDZZroSsfBA
উল্লেখ্য, ব্র্যাক ক্যারিয়ার হাব ব্র্যাকের একটি বিশেষ উদ্যোগ, যা মূলত তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কাজ করে। এটি একটি ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।তরুণদের বর্তমান চাকরির বাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য এখানেদক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির সুযোগ ও নেটওয়ার্কিং, সিভি লিখন ও ইন্টারভিউ প্রস্তুতিসহ নানাবিধ প্রশিক্ষণ প্রদান করা হয়।





