জাতীয়

পাথরঘাটায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

উপকূলীয় উপজেলা পাথরঘাটা দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টির ঝুঁকি সবসময়ই থাকে। তাই দুর্যোগ মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সমন্বিত উদ্যোগ ছাড়া দুর্যোগ থেকে রক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা।

বুধবার (২০ মে) পাথরঘাটা উপজেলা পরিষদের চতুর্থ তলার হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিন্স রায়, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম প্রমুখ।

সভায় উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও উদ্দেশ্য এবং উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোর তথ্য তুলে ধরেন এনএসএসের প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভিন মুক্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মোস্তফা।
সভাপতির বক্তব্যে ইউএনও তাপস পাল বলেন, “পাথরঘাটা উপজেলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। এখানে প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগের ঝুঁকি রয়েছে। অনেকে মনে করেন প্রাকৃতিক দুর্যোগ শুধুই সৃষ্টিকর্তার সৃষ্টি, অথচ পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষেরও দায় রয়েছে।”
তিনি আরও বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দুর্যোগের আগে আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার সরঞ্জাম মজুত রাখাও জরুরি।”

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, “উপকূলের অনেক আশ্রয়কেন্দ্র অরক্ষিত, পরিত্যক্ত কিংবা প্রভাবশালীদের দখলে থাকে। আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি সক্রিয় না থাকা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা না হওয়া এর অন্যতম কারণ।”

তিনি দুর্যোগপ্রবণ এলাকায় কমিটিগুলো সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, “পাথরঘাটায় দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রস্তুতির বিকল্প নেই। কার্যকর ও সমন্বিত উদ্যোগই পারে পাথরঘাটার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ